আন্তর্জাতিক ডেস্ক :
সামনের চাকা ছাড়াই জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে বোয়িংয়ের একটি পণ্যবাহী উড়োজাহাজ। স্থানীয় সময় বুধবার (৮ মে) তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
তুরস্কের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, পণ্য ডেলিভারি সংস্থা ফেডেক্স পরিচালিত একটি ফ্লাইটে এই ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার প্যারিস চার্লস ডি গল বিমানবন্দর থেকে যাত্রা করা বোয়িং ৭৬৭ উড়োজাহাজটি ইস্তাম্বুল বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোল টাওয়ারকে জানায় যে এর সামনের ল্যান্ডিং গিয়ার (চাকা) খুলছে না। এ অবস্থায় এটি টাওয়ার থেকে নির্দেশনা নিয়ে অবতরণ করে। খবর দ্য গার্ডিয়ানের।
জরুরি পরিষেবাগুলো অবতরণের আগে সম্পূর্ণ প্রস্তুত ছিল। তবে মন্ত্রণালয় ল্যান্ডিং গিয়ারের ব্যর্থতার কারণ জানায়নি এবং জানিয়েছে তদন্তের অংশ হিসেবে তার দলগুলো ঘটনাস্থলে পরীক্ষা চালাচ্ছে।
ঘটনার ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের পেছনের চাকা জোড়া রানওয়েতে ছুঁয়েছে, তারপরে এর এর ককপিটের নিচের দিকে ভয়াবহ ঘর্ষণের ফলে স্ফুলিঙ্গ এবং ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে উড়োজাহাজটি রানওয়েতে থেমে যায়। এই ঘটনায় ফের যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের ক্রুটি নিয়ে ফের সমালোচনা শুরু হয়েছে।
এর আগে গত বছর ২৮ জুন এমন একটি ঘটনা ঘটে। আকাশ থেকে রানওয়েতে ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নেয়ার সময় এর সামনের চাকা বের হচ্ছিল না। শেষমেষ সামনের চাকা ছাড়ার রানওয়েতে নাক ঘষতে ঘষতে অবতরণ করে ডেল্টা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।
বোয়িং ৭১৭ মডেলের ওই উড়োজাহাজ ৯৬ জন যাত্রী এবং বিমানকর্মীদের নিয়ে যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে নর্থ ক্যারোলাইনায় যাচ্ছিল। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ওই যাত্রিবাহী বিমানটি।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন