নিউজ ডেস্ক :
প্রেসিডেন্ট নির্বাচনের দামামা বেজে গিয়েছে আমেরিকায়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সাক্ষাৎকার নিয়েছেন বিশ্বখ্যাত ধনকুবের ইলন মাস্ক। স্থানীয় সময় সোমবার (১২ আগস্ট) রাত ৮টায় সাক্ষাৎকার শুরু হয়। তবে প্রযুক্তিগত সমস্যার কারণে নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট পরে শুরু হয় সাক্ষাৎকারটি। এর কারণ হিসেবে সাইবার আক্রমণকে দায়ী করেছেন ইলন মাস্ক।
দুই ঘণ্টা ধরে চলা এই সাক্ষাৎকারে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস, তার রানিং মেট টিম ওয়ালজ, ক্যাপিটাল হিলে হামলা, ট্রাম্পের ওপর হামলা নিয়ে আলোচনা হয়।
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে সোমবার সাক্ষাৎকার দেবেন ডোনাল্ড ট্রাম্প, এমন ঘোষণা আগেই দেওয়া ছিল। ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্সে সেটা সরাসরি সম্প্রচারের সময়ও জানানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে তা শুরু হয়নি।
আধা ঘণ্টার বেশি সময় পরে হাজির হন ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। কিন্তু অনেক মানুষ তাদের কথা সরাসরি শুনতে পারেননি। এই পরিস্থিতি দুজনকেই বিব্রত করে।
ইলন মাস্ক এক এক্স পোস্টে জানান, ‘এক্স প্ল্যাটফর্মে বড় ধরনের সাইবার (ডি-ডস) হামলা হয়েছে। এটা ঠিকঠাক করার চেষ্টা করা হচ্ছে।’
তিনি আরও লিখেছেন, ‘একসঙ্গে যাতে ৮০ লাখ মানুষ এ সাক্ষাৎকার শুনতে পারেন, সে অনুযায়ী আমরা আমাদের ব্যবস্থাপনা (সিস্টেম) পরীক্ষা-নিরীক্ষা করেছি।’
একসময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেওয়ার কথা বলেছিলেন ইলন মাস্ক। এমনকি রিপাবলিকান পার্টির প্রার্থিতার লড়াইয়ে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী রন ডিসেন্টিসকে সমর্থন দিয়েছিলেন তিনি। এরপরও ইলন মাস্ককে সাক্ষাৎকার দিতে রাজি হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন