এন, এস আবিদ মাহমুদ যশোর জেলা প্রতিনিধি :
যশোরে বেড়েই চলেছে ডেঙ্গু। প্রতিদিন যশোর জেনারলে হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা।স্বাস্থ্য বিভাগ বলছে, সচেতন না হলে যে কোনো সময় ভয়াবহ আকার ধারণ করতে পারে পরিস্থিতি। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ছয়জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালগুলোতে ৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। পূর্বে অভয়নগরে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও বর্তমানে ঝিকরগাছার পরিস্থিতির অবনতি হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে যশোর জেনারেল হাসপাতালে ১৩, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত, অভয়নগর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় তিনশ’ ৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে দু’জন মারা গেছেন। সুস্থ হয়েছেন দুইশ’ ৭৪ জন।
সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান জানান, ডেঙ্গুর মৌসুম চলছে। সকলকে এখনই সচেতন হতে হবে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু কর্নার করা হয়েছে। সকল হাসপাতালে পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে। জ্বর অনুভব করলেই ডাক্তারের পরামর্শ নিতে আহ্বান জানিয়েছেন তিনি।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন