মেহেদী হাসান, পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম।
বুধবার (২৫ সেপ্টেম্বর, ২০২৪) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে ৯ম উপাচার্য হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়।
জারি হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী তার এই নিয়োগের মেয়াদ চার বছর। উপাচার্যের ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি এই দায়িত্বপ্রাপ্ত হবেন বলেও উল্লেখ রয়েছে।
অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম ১৯৮৮ সালে বাপ্টিস্ট মিশন বয়েজ হাই স্কুল বরিশাল থেকে মাধ্যমিক এবং ১৯৯০ সালে সরকারি বিএম কলেজ বরিশাল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৯৪ সালে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিভিএম অনার্স এবং ১৯৯৮ সালে ফার্মাকোলজি বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। ২০১১ সালে তিনি জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন এবং ২০১২ ও ২০১৪ সালে একই বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রো এন্টারোলজি, নিউরোলজি এবং ফার্মাকোলজি বিভাগ থেকে দুটি পোস্ট-ডক সম্পন্ন করেন।
তার শিক্ষাজীবনে অসাধারণ কৃতিত্বের জন্য তিনি চ্যান্সেলর গোল্ড মেডেল, গ্লোবাল রিসার্চ ইম্প্যাক্ট রিকগনিশন অ্যাওয়ার্ড ২০২৩, আইএএফ এওয়ার্ড, ইয়ং ইনভেস্টিগেটর অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট এওয়ার্ড ২০১১ সহ বিভিন্ন পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি তিনটি বেস্ট পাবলিকেশন অ্যাওয়ার্ড, একটি বেস্ট অ্যাবস্ট্রাক্ট অ্যাওয়ার্ড, এক্সিলেন্ট রিভিউয়ার অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড, টপ-ফাইভ বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড, টপ-টুয়েন্টি ফাইভ বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড এবং টপ-রিসার্চার ইন ফ্যাকাল্টি অ্যাওয়ার্ড অর্জন করেন।
২০০২ সালের ২৭ অক্টোবর তিনি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ফার্মাকোলজি বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। ২০১১ সালের ২৩ মার্চ পর্যন্ত সহকারী অধ্যাপক, ২০১৬ সালের ৭ জুন পর্যন্ত সহযোগী অধ্যাপক এবং ২০১৬ সালের ৭ জুলাই থেকে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম গবেষণায় যথেষ্ট যোগ্যতার পরিচয় রেখেছেন। তার মোট প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা ১০৮ টি এবং সাইটেশন সংখ্যা ২২০২ টি। রিসার্চগেটে তার র্যাংকিং এইচ-ইনডেক্স ২৫ এবং আইটেন-ইনডেক্স ৫৯।
উল্লেখ্য, পবিপ্রবির পূর্ববর্তী ভিসি অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত গত ২২ আগস্ট পদত্যাগ করেন। এরপর ভিসির অনুপস্থিতিতে জরুরী, আর্থিক ও প্রশাসনিক দায়িত্বের জন্য নিয়োগপ্রাপ্ত হন অত্র বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক জামাল হোসেন।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন