এন এস আবিদ মাহমুদ, যশোর প্রতিনিধি :
ভারতের ধর্মগুরু রামগিরি ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোরাঞ্চলে বৈরী আবহাওয়ার মধ্যে বিক্ষোভে অংশ নেন মাদ্রাসা শিক্ষক, সাধারণ শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানরা।
বৃহস্পতিবার সকালে যশোরে পুলেরহাট জামি’আ মাদানিয়া মাদ্রাসার আয়োজনে পুলেরহাট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চাঁচড়া বাসস্ট্যান্ড মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ ও ভারতের ধর্মগুরু রামগিরির কুশপুত্তলিকা দাহ করা হয়। সমাবেশে বক্তৃতা করেন জামি'আ মাদানিয়া মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা হারুনুর রশীদ কাসেমী, প্রধান মুফতি জুবায়ের তাশফিন, শিক্ষা সচিব মুফতি আতাউল্লাহ, যুব জমিয়ত বাংলাদেশের সদস্য মুফতি হাসান মুহাম্মদ শহীদ, মোহাম্মদ রুহুল আমিন, তরুণ প্রজন্ম আলেম এর নির্বাহী পরিষদ সদস্য আবু দারদা নাঈম।
সভায় বক্তারা বলেন, রাসূল (সাঃ) আমাদের মা বাবা আত্মীয় স্বজন শিক্ষক সবার উপরে। সবাইকে কুরবানী দিয়ে হলেও রাসূলের মান ইজ্জত রক্ষায় আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর রাসুল (সাঃ) কে নিয়ে কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিতে হবে। বক্তারা আরো বলেন, শুধু ভারত নয় বিশ্বের যে কোন দেশে রাসূলকে নিয়ে কটুক্তি করলে তা মেনে নেয়া হবে না। পরে রামগিরী মহারাজের কূশপুত্তলিকা দাহ করা হয়।
বিকেলে একই দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস যশোর শহর শাখা। শহরের দড়াটানা ভৈরব চত্বরে অনষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সংগঠনের শহর শাখার সভাপতি মুহাম্মদ রেজওয়ানের সভাপতিত্বে বক্তৃতা করেন সাংগঠনিক সম্পাদক নূর মুহাম্মদ, ছাত্র মজলিসের সদস্য আবু দারদা নাঈম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্যতম সমন্বয়ক নূর ইসলাম। সভায় বক্তারা ভারতের বিজেপির মদদদাতা রামগিরি মহারাজকে গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন