শাহিনুর আলম, ঢাকা প্রতিনিধি :
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৫-১৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে৷ এ সংক্রান্ত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর তারিখ চূড়ান্ত করা হবে। রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সদস্য এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো বলেন, আমরা ১৫-১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের অনুমতি চেয়েছি। তবে ৯-১৭ অক্টোবর পর্যন্ত কলেজ ছুটি। সেক্ষেত্রে ১৮ অথবা ১৯ অক্টোবর ফল প্রকাশ করা হতে। বিষয়টি নির্ভর করছে মন্ত্রণালয়ের উপর বলেও জানান তিনি।
ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ নিয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘অক্টোবরের মাঝামাঝিই আমরা ফল প্রকাশ করবো। কিন্তু একেবারে সুনির্দিষ্ট দিনক্ষণ কবে যদি জিজ্ঞাসা করেন; সেটা বলা এখন সম্ভব নয়। শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত নির্দেশনা পেলে নির্দিষ্ট দিন জানানো যাবে।’
উল্লেখ্য, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন