এন এস আবিদ মাহমুদ, যশোর প্রতিনিধি :
জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতি মিঠুকে (২৮) নারী সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌর শহরের শাপলা প্লাজার কাছে এ হামলার ঘটনা ঘটে। আহত মিঠু পৌর শহরের ৭নং ওয়ার্ডের পোস্ট অফিস পাড়ার কামাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মিঠুর সাথে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। এর কয়েক মিনিট পর আরও কয়েকজন এসে তার ওপর হামলা করে। এসময় দেশীয় অস্ত্র দিয়ে তার হাতে আঘাত করলে তিনি রাস্তায় লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আফরিন বলেন, মিঠু নামের একরোগী রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার বাম হাতের মাংসপেশীতে আঘাত লাগার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন