রায়হানা মুন :
ভারতের অন্যতম বড় ব্র্যান্ড টাটা গ্রুপ। ১৫৬ বছরের পুরনো ব্র্যান্ডিংয়ের পেছনে বড় অবদান রতন টাটার। তার সময়ে গ্রুপটির আয় বেড়েছিল ৪০ গুণ। বিশ্বের অন্যতম এই শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটা গতকাল বুধবার (৯ অক্টোবর) রাতে মুম্বাইয়ের ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রতন টাটার বাবা নাভাল টাটা পরিবারে এসেছিলেন দত্তক সন্তান হিসেবে। নাভালের প্রথম স্ত্রী সোনির ঘরে জন্ম হয় রতন টাটার। রতন টাটার বয়স যখন ১০ বছর, তখন মা–বাবার ছাড়াছাড়ি হয়ে যায়।
এরপর থেকে রতন টাটা ও তার ছোট ভাই জিমি টাটা বড় হন তার দাদির কাছে। এই সময়ের কথা খুব একটা প্রকাশ্যে বলতে স্বাচ্ছন্দ বোধ করতেন না রতন। বাবা-মায়ের ছাড়াছাড়ি মেনে নিতে পারেননি ছোট্ট দুই ভাই। তাই ছোটবেলা বেশ মানসিক কষ্ট নিয়েই বেড়ে ওঠেন তারা।
মার্কিন যুক্তরাষ্ট্রে কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে এক মার্কিন তরুণীর প্রেমে পড়েন রতন টাটা। সেটা তার পড়ার শেষদিকের ঘটনা। সেই প্রেম পরিণতি পায়নি। এরপরে ভারতে ফিরে আসেন রতন টাটা।
এরপর আরও একাধিক সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিতে পারেননি রতন টাটা। তাই জীবনের শেষদিন পর্যন্ত অবিবাহিতই থেকে গেলেন তিনি। অনেকে মনে করেন ছোটবেলা বাবা-মায়ের বিচ্ছেদই রতন টাটার মধ্যে বিয়ের ভীতি তৈরি করেছে।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন