রায়হানা মুন :
সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দির থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার দেয়া প্রতিমার স্বর্ণের মুকুট চুরি হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে এই চুরির ঘটনা ঘটে। মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক মুকুটটি চুরি করে নিয়ে যাচ্ছেন।
চুরির এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে শুক্রবার (১১ অক্টোবর) বার্তা দিয়েছে ভারতীয় হাইকমিশন। এতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং চুরির ঘটনার তদন্ত, মুকুট পুনরুদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি।’
জানা গেছে, প্রতিদিনের মতো পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি মন্দিরের সেবায়েত রেখা সরকারের কাছে চাবি দিয়ে বাড়ি যান। এ সময় মন্দির প্রাঙ্গণে রেখা সরকারসহ ভক্তরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টা ৪৭ থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে ওই চুরির ঘটনা ঘটে।
সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরায় এক যুবককে শনাক্ত করা হয়েছে। তাকে আটক ও স্বর্ণের মুকুট উদ্ধারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনের বাংলাদেশ সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে সোনার মুকুট উপহার দেন।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন