রায়হানা মুন :
বাংলাদেশে ফেরার মাত্র নয় দিন পর আবার মালয়েশিয়ায় ফিরে গেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তবে, দেশটিতে প্রবেশের সময় বিমানবন্দরের ইমিগ্রেশনে পুলিশ তাকে আটকে দেয়। অনেকসময় জিজ্ঞাসাবাদ শেষে দেশটির স্থানীয় সময় রাত ২টার পর তার ইমিগ্রেশন সম্পন্ন হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশনে আজহারীর আটকে দেয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরণের গুজব ছড়িয়ে পরে। ইমিগ্রেশন শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট দিয়েছেন আজহারী। গুজব ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘মালয়েশিয়ায় ইমিগ্রেশন পয়েন্টে ভেরিফিকেশনে একটু সময় নিয়েছিল। আমি ঠিক আছি। অযথা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন’।
আজ শনিবার (১২ অক্টোবর) সকালে মিজানুর রহমান আজহারী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান।
দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে গত ২ অক্টোবর দেশে ফিরেছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী। গতকাল শুক্রবার আবারও মালয়েশিয়ায় ফিরে গেলেন তিনি। তবে তিনি মাস খানেক পর আবারও দেশে ফিরবেন বলে জানিয়েছেন।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন