রায়হানা মুন :
তথ্যচিত্র নির্মাতাদের একটি দল মাউন্ট এভারেস্টের চূড়ায় ১০০ বছর আগে নিখোঁজ হওয়া পর্বতারোহী অ্যান্ড্রু আরভিনের দেহাবশেষ আবিষ্কার করেছে। শুক্রবার ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ে জমে থাকা তুষার ও বরফের স্তর পাতলা হয়ে আসছে, যার ফলে তুষারের নিচে চাপা পড়া পর্বতারোহীদের মৃতদেহ আবিষ্কারের ঘটনা বেড়ে গেছে। আরভিন ১৯২৪ সালে এভারেস্টের চূড়ায় ওঠার মিশনে গিয়েছিলেন তাঁর সঙ্গী জর্জ ম্যালরির সঙ্গে। তাদের সফল মিশন হলে তাঁরা হতেন প্রথম এভারেস্ট বিজয়ী, কিন্তু দুর্ভাগ্যক্রমে দুজনেই নিখোঁজ হয়ে যান।
১৯৯৯ সালে জর্জ ম্যালরির দেহাবশেষ খুঁজে পাওয়া যায়, কিন্তু আরভিনের হদিস পাওয়া যায়নি। সম্প্রতি, ন্যাশনাল জিওগ্রাফিকের দল সেন্ট্রাল রংবুক হিমবাহে একটি বুট এবং তার সঙ্গে আরভিনের একটি পায়ের অবশিষ্টাংশ আবিষ্কার করেছে। বুটের সঙ্গে লাল লেবেলযুক্ত একটি মোজা পাওয়া গেছে, যেখানে সেলাই করে লেখা রয়েছে “এ সি আরভিন।”
এ অবস্থায়, গবেষকরা ধারণা করছেন, আরভিন ও ম্যালরি হয়তো ১০০ বছর আগে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। ১৯২৪ সালের ৮ জুন, অন্যান্য অভিযাত্রীরা তাদের শেষ দেখেছিলেন। সেদিন সকালে তারা চূড়ায় ওঠার চূড়ান্ত ধাপ শুরু করেন।
অন্য অভিযাত্রীরা জানান, আরভিনের শরীরে একটি ক্যামেরার ভেস্ট ছিল। যদি ক্যামেরাটি উদ্ধার করা যায়, তবে পর্বতারোহণের ইতিহাস নতুন করে লেখা হতে পারে। তথ্যচিত্র নির্মাতা দলটি এখন ক্যামেরার অনুসন্ধানে রয়েছে।
আরভিন যখন এভারেস্টে ওঠার জন্য বের হন, তখন তার বয়স ছিল ২২ বছর। তাঁর পরিবার দেহাবশেষের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহের প্রস্তাব দিয়েছে।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন