রিজন আহমেদ :
কোনো দেশ ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করলে তা ঠেকানোর উপায় নেই অন্তর্বর্তীকালীন সরকারের।
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে ভারত সরকার। এর ফলে দেশটি থেকে বিশ্বের যে কোনো দেশের ভিসা নিয়ে তিনি সেখানে যেতে পারবেন।
এ নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি বলেন, ট্রাভেল ডকুমেন্ট যে কোনো দেশ যে কাউকেই ইস্যু করতে পারে। আমাদের ঠেকানোর কোনো উপায় নেই। তবে কোনো মামলায় যদি তাকে আদালত হাজির করতে নির্দেশ দেন, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
শনিবার ১২ অক্টোবর বিকেলে নরসিংদীর সেবা সংঘ পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি আরও শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়ায় বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্কের অবনতি হবে না।
এ সময় নরসিংদী জেলা প্রশাসক, নরসিংদী সেবা সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতিসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকা একাধিক দেশের রাজনীতিবিদরা এর আগে ট্রাভেল ডকুমেন্ট সেবা পেয়েছেন। এটি ব্যবহার করে বিশ্বের যে কোনো দেশের ভিসা নিয়ে সেখানে ভ্রমণ করার সুবিধা পাওয়া যায়। সাধারণত কোনো দেশে আশ্রয়প্রার্থীদের সেই দেশের ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়। তবে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন কি-না, সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও মন্তব্য করেনি নয়াদিল্লি।
মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন