রায়হানা মুন :
কক্সবাজারের কুতুবদিয়ায় এলপিজিবাহী জাহাজ ‘সোফিয়া’-তে আগুন লেগে ১১ ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এসেছে। জাহাজটির ৩১ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার ১২ অক্টোবর রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়ার উপকূলের পশ্চিমে বহিঃনোঙর এলাকায় আগুনের সূত্রপাত হয়।
কোস্টগার্ড ও নৌ বাহিনীর সদস্যরা রবিবার বেলা ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
জাহাজটির ভেতরে পুনরায় অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে এখনও উদ্ধার কার্যক্রম চলছে। জানা যায়, ‘সোফিয়া’ জাহাজটি চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে নোঙর করেছিল। শনিবার মধ্যরাতে আকস্মিক আগুন লেগে পরিস্থিতি গুরুতর হয়ে পড়ে।
স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ডের তথ্য পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং ক্রুদের উদ্ধারের কাজ শুরু করে কোস্টগার্ডের দুটি জাহাজ এবং নৌবাহিনীর পাঁচটি জাহাজ। উদ্ধারকৃত ক্রুদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে রাখা হয়েছে।
এখনও এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্ত করা হচ্ছে, কিন্তু জাহাজটি কোন দেশ থেকে এসেছিল এবং এতে কতটুকু এলপিজি ছিল সে সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি লেফটেন্যান্ট কমান্ডার মুনিফ।
বাংলাদেশের জলসীমায় গত দুই সপ্তাহের মধ্যে এটাই তৃতীয়বার জ্বালানিবাহী জাহাজে আগুন লাগার ঘটনা। ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে 'বাংলার জ্যোতি' নামের একটি অয়েল ট্যাংকারে বিস্ফোরণ ঘটে, যার ফলে তিনজনের মৃত্যু হয়। এরপর ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে 'বাংলার সৌরভ' নামের একটি তেলবাহী জাহাজে আগুন লাগে।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন