সবার কথা নিউজ ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীরউত্তমকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে পুলিশ...
তার বাড়ি ও গাড়িতে হামলার ঘটনায় রাজাপুর থানায় মামলা দিতে গিয়ে উলটো বিএনপি অফিসে হামলা-ভাঙচুরের মামলায় গ্রেফতার হন তিনি। বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে...
শাহজাহান ওমর ২০২৩ সালের ৩০ ডিসেম্বর বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে এমপি নির্বাচিত হন...
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বুধবার সকালে তিনি প্রথম বরিশালে আসেন। সেখান থেকে বৃহস্পতিবার সকালে রাজাপুরে তার গ্রামের বাড়ি সাংগরের উদ্দেশে রওয়ানা হন...
এ সময় রাজাপুর উপজেলার উত্তর পিংড়ি এলাকায় দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়। এতে তিনিসহ তার গাড়ির চালক ও হাইকোর্টের এক ক্লার্ক আহত হন। এ ঘটনায় তিনি রাজাপুর থানায় এজাহার দিতে গেলে পুলিশ তাকে একটি মামলায় গ্রেফতার করে...
এদিকে রাজাপুর উপজেলা সদরের গোডাউন ঘাট এলাকায় শাহজাহান ওমরের বাড়ি মাহজাবিনে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে দুই দফায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা...


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন