মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ :
বাংলার মানুষ দুর্বল নয়, সিদ্ধান্তহীন। শুরুটা শুধু একজনের সাহসেই লাগে।
২০১৬ সাল। এক গরম দুপুরে আমি এক পরিচিতজনকে নিয়ে রাজধানীর শাহবাগে উপস্থিত (পিজি) হাসপাতালে যাচ্ছিলাম। হাসপাতালে পৌঁছে তিনি আমাকে নিচে দাঁড় করিয়ে উপরে চলে গেলেন। আমি অপেক্ষা করছিলাম। হঠাৎ চোখে পড়ল, একটি পাজেরো গাড়ি থেমেছে। গাড়ি থেকে নেমেই একজন ‘ক্ষমতাধর’ ব্যক্তি একটি রোল নিয়ে এক রিকশাচালককে পেটাতে শুরু করল। আশপাশে শত শত মানুষ দাঁড়িয়ে—রিকশাচালক, পথচারী, দোকানদার—কেউ কিছু বলছে না, শুধু তাকিয়ে দেখছে। যেন এটাও আমাদের স্বাভাবিক জীবনেরই একটি চিত্র!
প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না। পরে বোঝা গেল, রিকশাচালকের কোনও দোষ ছিল না। এটি ছিল নিছক ক্ষমতার প্রদর্শনী। শক্তির অহংকার থেকে একজন নিরপরাধ গরিব মানুষকে শাস্তি দেওয়া।
আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি। এগিয়ে গিয়ে সেই ব্যক্তিকে কলার ধরে গাড়ি থেকে নামালাম, কয়েকটি ঘুষিও দিলাম। ঘটনার পর মুহূর্তেই জনতা চেতনার ঝাঁকি খেল। যাদের এতক্ষণ সাহস ছিল না, তারা ছুটে এল, মিলে সেই ‘প্রভু’কে মেরে একেবারে ন্যাংটা করে দিল।
এই ঘটনার মধ্যে আমি একটি গভীর সত্য আবিষ্কার করলাম—বাংলার মানুষ দুর্বল নয়, সিদ্ধান্তহীন। তারা প্রতিবাদ করতে জানে, কিন্তু শুরুটা কে করবে—এই প্রশ্নেই তারা থেমে যায়।
এই চারিত্রিক দুর্বলতা আমাদের রাজনৈতিক বাস্তবতায় আরও স্পষ্ট। দেশের রাজনীতিতে আজ যে অন্যায়, অবিচার, দমনপীড়নের রাজত্ব চলছে—সেটাও ঠিক একইভাবে জনমানুষের চোখের সামনে ঘটে, অথচ কেউ প্রতিবাদ করে না। কারণ, সবাই ভাবছে, "আমি যদি করি, তখন কি আমি একা পড়ে যাব?"
এই দ্বিধা, এই ‘সিদ্ধান্তহীনতা’ই শোষকের আসল শক্তি।
আর যখন কেউ একজন সাহস করে উঠে দাঁড়ায়, তখন দেখা যায়—এই জাতির সাহস অভাবী নয়। প্রতিবাদে অভাব পড়ে না, অভাব শুধু একটিমাত্র নেতৃত্বের—প্রথম ঘুষিটা কেউ মারবে কিনা।
আমাদের ইতিহাস বারবার প্রমাণ করেছে, শুরুটা যদি হয়, জনতা জেগে ওঠে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন—সবখানেই প্রথমে একজন সাহসী উঠে এসেছিল, তারপর জেগেছিল জাতি। আজ আবার সেই সাহসী ‘প্রথম মানুষ’-এর অভাব।
সুতরাং আজকের রাজনৈতিক বাস্তবতায় আমাদের সবচেয়ে বড় দায়িত্ব—নিজে সিদ্ধান্ত নিতে শেখা। অন্যায় দেখেও নিরব না থাকা। কারণ, আপনি যদি না এগোন, কেউ এগিয়ে আসবে না। আর আপনি যদি সাহস করেন, একলা থাকবেন না—সত্যের পাশে মানুষ দাঁড়ায়, দাঁড়াবেই।
শুরুটা শুধু একজনের সাহসেই লাগে।
– মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
লেখক ও কলামিস্ট।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন