ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে দুই বছর আগে সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ঘাতক বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) ভোর ৬:১৫ মিনিটে শেরপুর জেলার অষ্টমীতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চালকের নাম রাশেদুল ইসলাম ওরফে মিরু ড্রাইভার (৩৮)।
ঘটনা ও মামলার বিবরণীতে জানা যায়,
গত ২৮ মার্চ ২০২৪ তারিখে ত্রিশাল থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পার্শ্বের লেনে শেরপুরগামী 'সোনার ময়না পরিবহন' (ঢাকা মেট্রো-ব-১৫-৯৫৫৩) একটি যাত্রীবাহী সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজির ০৪ জন যাত্রী প্রাণ হারান।
ঘটনার পরপরই ঘাতক চালক রাশেদুল ইসলাম গাড়ি ফেলে পালিয়ে যান। সেই থেকে তিনি দীর্ঘ দুই বছর যাবত পলাতক ছিলেন।
দুর্ঘটনার দিনই (২৮ মার্চ ২০২৪) ত্রিশাল থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং-৩৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে শেরপুর জেলা শহরের অষ্টমীতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করা হয়।
ত্রিশাল থানা পুলিশ জানায়, "আইনের হাত থেকে বাঁচতে ঘাতক চালক বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হচ্ছে।"
এই গ্রেফতারের খবরে নিহতদের পরিবার ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন