সাজ্জাদ শাকিল :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে অনতিবিলম্বে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজ (বুধবার) হচ্ছে না। বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। যে কারণে আজ শুনানি হচ্ছে না বলে জানা যায়।
বুধবার (৩১ জুলাই) সকালে সংশ্লিষ্ট আদালতের বিচারপতি দোলন প্রধান বিচারপতির কাছে ছুটি নেন। বেলা পৌনে ১১টার দিকে বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন অসুস্থ থাকার বিষয়টি জানান বেঞ্চ কর্মকর্তা। তিনি বলেন, ‘আজ (বুধবার) বিচারপতি মোস্তফা জামান ইসলামের একক বেঞ্চ বসবেন এবং একজন যে মামলা শুনতে পারেন, সেভাবে কার্যতালিকা করা হচ্ছে।’
এর আগে গত সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা রিট করেন। সোমবার ও মঙ্গলবার দুই দফা রিটের ওপর শুনানি শেষে আজকের দিন ধার্য ছিল। তবে একজন বিচারপতি অসুস্থ থাকায় আজ শুনানি হয়নি।
শুনানিকে কেন্দ্র করে আজ সকাল থেকেই হাইকোর্টের এই বেঞ্চে ভিড় করতে থাকেন আইনজীবী ও সাংবাদিকরা। পরে জানানো হয়, বেঞ্চের জুনিয়র বিচারপতি ছুটিতে আছেন। এ কারণে ডিভিশন বেঞ্চ আজ বসছে না।
মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন