এন এস আবিদ মাহমুদ। যশোর জেলা প্রতিনিধি : :
যশোরের পাঁচবাড়িয়া গ্রামে আব্দুল ওয়াদুদ নামে অবসরপ্রাপ্ত একজন কৃষি কর্মকর্তার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, বৈদেশিক মুদ্রা, সোনার গহনা, মোবাইল ফোনসেট ও মূল্যবান জিনিসপত্রসহ ১০ লাখ ৬৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে।
বাড়ির মালিক আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, ৭/৮ জনের একদল ডাকাত শুক্রবার ভোর ৪টার দিকে তার ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তিনিসহ বাড়ির সদস্যরা বুঝতে পেরে চিৎকার শুরু করলে ডাকাতরা পিস্তল, শর্ট গান ও রামদা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ছেলে সাজ্জাদ ও শাওনের লুঙ্গি ছেড়া কাপড় দিয়ে মুখ এবং চোখ বেঁধে রাখে। পরে ঘরের আলমারি ভেঙে নগদ দুই লাখ ৮০ হাজার টাকা, ১৪ ভরি ওজনের সোনার গহনা, এক হাজার দুইশ’ সৌদি রিয়েল, তিনটি মোবাইল ফোনসেট, মূল্যবান কাপড়সহ দশ লাখ ৬৬ হাজার টাকার মালামাল লুট করে চলে যায়।
এ ঘটনায় আব্দুল ওয়াদুদ যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেছেন।
কোতয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবুল আকতার সাবার কথা নিউজ'কে জানান, ‘দুপুরে আমরা ঘটনা তদন্ত করতে ডিবিকে সাথে নিয়ে পাঁচবাড়িয়া গ্রামে গিয়েছিলাম। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে’।
মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন